বাংলাদেশ হকি দলের নবনিযুক্ত কোচ পিটার গেরহার্ড দায়িত্ব বুঝে নিতে ঢাকায় এসেছেন। গতকাল মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তারা। আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দলের ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ জার্মান কোচকে। জাপানের আইচি-নাগোয়ায় সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসকে সামনে রেখে গেরহার্ডকে দুই মাসের দায়িত্ব দিয়েছে ফেডারেশন। দায়িত্ব পেয়ে পারফরম্যান্সের গ্রাফটা উঁচুতে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ হকির সঙ্গে গেরহার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৯ সালের এপ্রিলে প্রথমবার তিনি আসেন বাংলাদেশ হকি দলের কোচিং পরিচালক হিসেবে। দায়িত্বে ছিলেন ২০১৬ সাল পর্যন্ত। তার দায়িত্বে থাকাকালীন রাসেল মাহমুদ জিমিসহ কয়েকজন খেলোয়াড় ইউরোপে খেলার সুযোগ পান। সবশেষ ২০২৪ সালের মে মাসে তিনি বাহফের টেকনিক্যাল ডিরেক্টর পদে যোগ দেন। তবে সে বছরের সেপ্টেম্বরে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পদত্যাগ করেন। এবারের এশিয়ান গেমসে পুল পর্বে স্বাগতিক জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই পর্বের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।
বাকিরা লড়বে স্থান নির্ধারণী লড়াইয়ে। ১৮ই সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আশরাফুল-আমিরুলরা। ২২শে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক জাপান। একদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ২৬শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। পুল পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজ প্রতিনিধিরা। সেমিফাইনালে পা রাখতে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। পুল পর্বের তিন প্রতিপক্ষ হকির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভারত (৮), জাপান (১৬), দক্ষিণ কোরিয়ার (২৩) বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। তবে শ্রীলঙ্কা (৩৬) ও ইন্দোনেশিয়ার (৫৯) বিপক্ষে জয়ের আশা দেখতে পারে ২৮ নম্বরে থাকা বাংলাদেশ। আশাবাদী নতুন কোচ গেরহার্ডও।
ঢাকায় পা রেখে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করবো।’ এশিয়ান গেমসকে সামনে রেখে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করতে ১০ই আগস্ট জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ হকি দল। ফ্রাঙ্কফুর্টে ক্যাম্প চলাকালে অন্তত ১৮ থেকে ২০টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করা হয়েছে। প্রতিপক্ষ হিসেবে থাকবে জার্মানির শীর্ষ লীগের দলগুলো। দেশ ছাড়ার আগে স্কোয়াডের আকার ছোট করা হবে। প্রাথমিক স্কোয়াডে থাকা প্লেয়ারদের ফিটনেস পর্যবেক্ষণ করে দল দেবেন গেরহার্ড। এর আগে শিষ্যদের কঠোর অনুশীলনের বার্তা দিয়েছেন তিনি। গেরহার্ড বলেন, ‘আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে; তবে শেষে তারা এর মিষ্টি ফল ভোগ করতে পারবে।’
শুধু গেরহার্ড নন, নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর জাতীয় দলের জন্য পুরো পাঁচ সদস্যের একটি কোচিং প্যানেল নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। এই প্যানেলে গেরহার্ডের সঙ্গে যুক্ত হয়েছেন অতীতে বাংলাদেশ হকির সঙ্গে কাজ করা অলিভার কার্টজ, জার্মানি জাতীয় দলের সাবেক কোচ পল রিজেক, ট্রেনার ম্যাথিয়াস এবং ভিডিও অ্যানালিস্ট আকিম মেন্ট্রস। পুরুষ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে দেড় মাসের চুক্তিতে আসছেন দক্ষিণ আফ্রিকার জাইলস বনেট, আর নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব সামলাবেন পাকিস্তান বংশোদ্ভূত হংকংয়ের কোচ আরিফ আলী। এদিকে এশিয়ান গেমসের ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খিসা মিমো, নাঈম উদ্দিন, মো. শিশির, আবু সাঈদ নিপ্পন ও শহিদুল হক সৈকত। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর অভিজ্ঞ এই খেলোয়াড়দের প্রাথমিক স্কোয়াডে রেখেছে ফেডারেশন। হকি খেলোয়াড়দের মানসিক দক্ষতা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে আজ একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে বাহফে। এ সেমিনারের পর বিকালে গেরহার্ডের অধীনে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। এবারের এশিয়ান গেমসে পুরুষ দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।
বিকেএসপিতে জাহিদ হোসেন রাজুর অধীনে বর্তমানে অনুশীলন ক্যাম্প করছে মেয়েরা। এ ছাড়া অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ দলের সামনে রয়েছে জুনিয়র বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। এশিয়ার গেমস শেষে ঢাকা প্রিমিয়ার লীগ হকি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে বর্তমান অ্যাডহক কমিটি।
