‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন প্রতিদিনই দেখতেন কাসেমিরো

‘ফুটবল ঈশ্বর’ মেসির সঙ্গে খেলার স্বপ্ন প্রতিদিনই দেখতেন কাসেমিরো

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন কাসেমিরো। গত সপ্তাহে ক্লাবটিতে যোগ দেয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দলের জার্সি গায়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই ব্রাজিলিয়ান তারকা। রিয়াল মাদ্রিদে খেলার সময় দীর্ঘকাল লিওনেল মেসির বিপক্ষে লড়াই করলেও, এবার এই আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে এক দলে খেলতে পেরে উচ্ছ্বসিত তিনি।
সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেন, ‘আমি সবসময় সেরাদের সঙ্গে থাকতে চেয়েছি। মেসির সঙ্গে খেলা এবং একই দলে থাকার স্বপ্ন প্রতিদিনই দেখতাম। আমি জানি তাকে আটকানো অসম্ভব, আমি কখনোই তাকে আটকাতে পারিনি। এজন্য সবসময় আমার সতীর্থদের সাহায্য লাগতো।’ আর্জেন্টাইন অধিনায়কের ভূয়সী প্রসংশা করে কাসেমিরো আরও বলেন, ‘আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই, তাকে আরও মহান করে তুলতে চাই। তিনি ফুটবল দেবতাদের একজন, বরং বলা যায় তিনিই ফুটবলের ঈশ্বর।’

চলতি গ্রীষ্মে ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ করে মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী কাসেমিরো। গত শনিবার সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে জয়ী দলের শুরুর একাদশে অভিষেক হয় তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানতাম যে এমএলএসের কোনো দলে খেলতে হলে সেটি হবে কেবল ইন্টার মায়ামিই।’ যুক্তরাষ্ট্রের লীগে আসার আগে সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকার সঙ্গেও তার কথা হয় বলে জানান তিনি।

সার্জিও বুসকেটসের প্রস্থান এবং সামপ্রতিক বছরগুলোতে মায়ামির রক্ষণভাগের ভঙ্গুরতা কাটাতে কাসেমিরোর অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া লীগস কাপে মাঠে নামবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। এবারের বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ভালো নৈপুণ্য দেখান কাসেমিরো। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে হেড থেকে সেলেসাওদের সমতায় ফেরান তিনি। পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির অন্তিম মুহূর্তের গোলে সে যাত্রায় পরের পর্বের টিকিট পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও শেষ ১৬র ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় কার্লো আনচেলোত্তির দল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন