১১ দেশ নিয়ে ঢাকায় ‘সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ’

১১ দেশ নিয়ে ঢাকায় ‘সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ’

ফন্ট সাইজ:

আগামী ২৪ থেকে ২৮শে আগস্ট ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬। টুর্নামেন্টে দ্বিতীয় আসরে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিশর, জাপান, জার্মানিসহ মোট ১১ দেশের পেশাদার খেলোয়াড়রা অংশ নেবেন।

প্রথম আসরে মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, হংকং, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হন বিশ্বের ৮৫ নম্বর র‌্যাঙ্কিংধারী মিশরের ইয়াসিন সোদি ও ৯৫ নম্বর র‌্যাঙ্কিংধারী মালয়েশিয়ার ডানকান লি। ফাইনালে দারুণ খেলে শিরোপা জিতে নেন মিশরের ইয়াসিন সোদি। সেমিফাইনালে বিশ্বের ৭০ নম্বর র‌্যাঙ্কিংধারী পাকিস্তানের আসিম খানকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ডানকান লি। টুর্নামেন্টে বাংলাদেশের তরুণ প্রতিভা বিকেএসপির মোহাম্মদ আমিনুল ইসলাম সেরা বাংলাদেশি খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।

আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা দেশের স্কোয়াশকে আরও এগিয়ে নেয়ার পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতার মানও বাড়াবে বলে আশা করছেন আয়োজকরা। তাদের মতে, গত ছয় বছরে নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে
বাংলাদেশে স্কোয়াশের নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। ধারাবাহিক কর্মসূচির ফলে দেশে স্কোয়াশের প্রচার ও প্রসার যেমন বেড়েছে, তেমনি বাংলাদেশি খেলোয়াড়রাও এখন পেশাদার পর্যায়ে নিজেদের গড়ে তুলছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ‘স্কোয়াশ ডেস্টিনেশন’ হিসেবেও পরিচিত করা সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন