সাকিবের কাছ থেকে ‘শিখছেন’ লঙ্কান তরুণরা

সাকিবের কাছ থেকে ‘শিখছেন’ লঙ্কান তরুণরা

ফন্ট সাইজ:

লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) ব্যাট-বলে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার পাল্লেকেলেতে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে জাফনা কিংসকে ২১ রানের জয় উপহার দেন সাবেক টাইগার অধিনায়ক। ব্যাট হাতে ১৬ বলে অপরাজিত ২২ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নেন সাকিব। এই জয়ে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আগেই প্লে-অফ নিশ্চিত করে জাফনা। ম্যাচের পর সাকিবকে প্রশংসায় ভাসান লঙ্কান ক্রিকেটাররা।

কামিল মিশারার সর্বোচ্চ ৪৯ রান এবং শেষ দিকে চামিন্দু উইক্রমাসিংহের ১৫ বলে ৪৩ রানের ক্যামিওতে ২২১ রানের পাহাড় গড়ে জাফনা। আরেক টাইগার তারকা ব্যাটার তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ১৬ বলে ২১ রান। এর পাশাপাশি ম্যাচটিতে মূল পার্থক্য গড়ে দেয় সাকিবের অলরাউন্ড নৈপুণ্য ও তার অভিজ্ঞতা। ব্যাট হাতে ১৬ বলে ১টি করে চার-ছক্কায় অপরাজিত ২২ রানে মাঠ ছাড়েন ৩৯ বছর বয়সী সাকিব। পরের ইনিংসে এলপিএলে নিজের সেরা বোলিং উপহার দেন এই টাইগার স্পিনার। ৪ ওভারে ৪৩ রানের খরচে ৩ উইকেট নেন তিনি। এলপিএলে তার আগের সেরা বোলিং ছিল ১০ রানে ২ উইকেট।

সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারকে সতীর্থ ও মেন্টর হিসেবে পাওয়াটাই এখন দলের তরুণ তুর্কিদের সবচেয়ে বড় প্রাপ্তি। ২৩ বছর বয়সী উদীয়মান অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে এবং চামিন্দু বিক্রমাসিংহে দুজনই উচ্ছ্বসিত সাকিবের সান্নিধ্য পেয়ে। টাইগার সুপারস্টারকে নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজেদের মুগ্ধতার কথা লুকাননি এই দুই লঙ্কান তরুণ।

ম্যাচের পর ভেল্লালাগে বলেন, ‘সাকিব আমার সঙ্গে ও আমাদের দলে খেলছে, আমি খুশি। আমিও তার কাছ থেকে শিখছি। তাকে পাওয়াটা আমার ও দলের জন্য ছিল খুশির মুহূর্ত। সে আমাদের ভালো ভালো পরামর্শ দেয়। তার মতো খেলোয়াড় দলে পাওয়া অবশ্যই দলের জন্য সৌভাগ্যের।’ ম্যাচসেরা বিক্রমাসিংহে বলেন, ‘সাকিব অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অনেক টি-টোয়েন্টি এবং আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মতো সিনিয়রদের কাছ থেকে আমি পরামর্শ নিই। তার সঙ্গে ব্যাট করতে পেরে ভালো লাগে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন