সামির বক্তব্য ‘বিতর্কিত ও অপ্রাসঙ্গিক’

জোসেফের বিস্ফোরক মন্তব্য

সামির বক্তব্য ‘বিতর্কিত ও অপ্রাসঙ্গিক’

ফন্ট সাইজ:

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর নেপথ্য কারণ নিয়ে কোচ ড্যারেন সামির সঙ্গে চলমান উত্তেজনায় মুখ খুলেছেন আলজারি জোসেফ। সামির করা মন্তব্যকে ‘বিতর্কিত ও অপ্রাসঙ্গিক’ বলে আখ্যায়িত করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা পেসার। অ্যান্টিগার সংবাদমাধ্যম ‘গুড মর্নিং জোজো স্পোর্টস শো’-তে দেয়া এক সাক্ষাৎকারে জোসেফ জানান, ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহারের বিষয়টি তিনি আগেই বোর্ড ও প্রধান কোচকে জানিয়েছেন।

তবে সামি যেভাবে এটিকে ‘নিজে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করা’ হিসেবে গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ছিল। জোসেফ বলেন, ‘কোচের সঙ্গে আমার কথা হয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গেও কথা হয়েছে। সিডব্লিউআইয়ের বিবৃতিতে পরিষ্কার বলা হয়, বিষয়টি ব্যক্তিগত কারণ। সামি দীর্ঘদিন ধরে ক্রিকেটবিশ্বে আছেন, তিনি খুব ভালো করেই জানেন ওই ধরনের বক্তব্য সমাজে কী ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ও আলোচনার জন্ম দেয়। সত্যি বলতে, ওই মন্তব্যের পর তাকে আর নতুন করে কিছু বলার নেই।’ মূলত দীর্ঘ এক বছর পিঠের গুরুতর চোটের (স্ট্রেস ফ্র্যাকচার) কারণে মাঠের বাইরে থাকেন জোসেফ। ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করার পর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন তিনি।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলার পর তার শরীর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ধকল সইতে পারছিল না। চোটের শঙ্কা নিয়ে জোসেফ বলেন, ‘আমি প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলাম। দ্বিতীয়বার স্ট্রেস ফ্র্যাকচারের পর আবার মাঠে ফিরেই টানা ওয়ানডে খেলেছি। আমার শরীর বুঝতে পারছিল যে আরেকটি টেস্ট সিরিজে নামার মতো ফিটনেস তখন আমার ছিল না। তাই সামির ওই বক্তব্যটি ছিল সম্পূর্ণ প্রসঙ্গহীন ও বিতর্কিত।’ সামির সঙ্গে এই দ্বন্দ্ব ভবিষ্যতে পেশাদার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নে জোসেফ স্পষ্ট বলেন, ‘আমি একজন পেশাদার খেলোয়াড় এবং মাঠে গিয়ে নিজের কাজ করবো।

আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছি, কোনো বিশেষ ব্যক্তি ড্যারেন সামিকে নয়। তাই আমাদের সম্পর্ক নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি সেখানে বন্ধু বানাতে যাই না। কাজ করতে এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে যাই।’
বর্তমানে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের পর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে তাদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন