দুই যুগ পর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ১২টি ভেন্যু জানালো আইসিসি

ফন্ট সাইজ:

দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকায় ফিরছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ২০২৭ সালের ১৪তম পুরুষ ওয়ানডে বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১২টি ভেন্যু ও সূচির রূপরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের অফিশিয়াল ব্র্যান্ড পরিচয় ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’-এরও জোহানসবার্গের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে। ২০০৩ সালের পর প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে বসছে ক্রিকেটের এই মেগা আসর। এবারের আসরে ১৪টি দল মোট ৫৭টি ম্যাচে অংশ নেবে।

ম্যাচগুলো পরিচালনার জন্য দক্ষিণ আফ্রিকার ৮টি শহর, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোককে ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই হবে অনুমিতভাবে দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স কিংবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে। জিম্বাবুয়েতে হবে সাত থেকে দশটি ম্যাচ। সেখানে মূল দুই ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ায়ো কুইন্স স্পোর্টস ক্লাব মাঠের পাশাপাশি খেলা হবে ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামে। নামিবিয়ায় হবে অন্তত তিনটি ম্যাচ। টুর্নামেন্ট নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পথে এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর মাইলফলক।

২৪ বছর পর আফ্রিকায় এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া এই অঞ্চলের উষ্ণতা ও বৈচিত্র্য ফুটিয়ে তুলে একটি অবিস্মরণীয় টুর্নামেন্ট উপহার দেবে বলে আমাদের বিশ্বাস।’ আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত জানান, আফ্রিকান দর্শন ‘উবুন্টু’ অর্থাৎ ‘আমি আছি, কারণ আমরা আছি’- এই মূলমন্ত্রের ওপর ভিত্তি করেই সাজানো হয়েছে এবারের টুর্নামেন্ট। এর লোগো এবং ব্র্যান্ডিংয়ে ঐতিহ্যবাহী আফ্রিকান সংস্কৃতির নানা রঙ ও রূপ ফুটিয়ে তোলা হয়েছে। জোহানসবার্গের এই উদ্বোধনী অনুষ্ঠানে গ্রায়েম স্মিথ, মাখায়া এনতিনি, হাশিম আমলা, তেম্বা বাভুমা, কাগিসো রাবাদা এবং হ্যামিল্টন মাসাকাদজার মতো বিশ্ব ক্রিকেটের বড় নক্ষত্ররা উপস্থিত ছিলেন।

২০২৭ বিশ্বকাপের স্বাগতিক শহর
শহর ভেন্যু
জোহানেসবার্গ ওয়ান্ডারার্স স্টেডিয়াম
শুনহে সেঞ্চুরিয়ন
কেপ টাউন নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড
ডারবান কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড
গেবেরহা সেন্ট জর্জেস পার্ক
ব্লুমফন্টেইন মানগাউং ওভাল
পার্ল বোল্যান্ড পার্ক
কুগাম্পো সিটি বাফেলো পার্ক
হারারে হারারে স্পোর্টস ক্লাব
বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব
ভিক্টোরিয়া ফলস মসি-ওয়া-তুনিয়া স্টেডিয়াম
উইন্ডহুক নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন