সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে মধ্যেই নিজের ভ্রমণের ছবি, ভিডিও এবং লেখা শেয়ার করেন ভক্তদের জন্য। মাঝে মধ্যে রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল বাড়িয়েও দেন। এবারো তেমনই এক আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে বেশ ভিন্নধর্মী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে তার উপস্থিতি নজর কেড়েছে। ছবিগুলোর সঙ্গে দেয়া ক্যাপশনে বেশ আবেগঘন একটি বার্তা লিখেছেন প্রভা।
তিনি লিখেছেন, তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে, সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি। তবে এই বার্তাটি ঠিক কার উদ্দেশ্যে লিখেছেন, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, কোনো প্রিয় মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন আবেগঘন কথা লিখেছেন তিনি। এদিকে, চাকরি ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় ‘লুক অ্যালাইক’ নামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি বঙ্গতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
