সাহসী রূপে কিয়ারা

সাহসী রূপে কিয়ারা

ফন্ট সাইজ:

দক্ষিণী সুপারস্টার যশের আগামী মেগা প্রজেক্ট ‘টক্সিক’ নিয়ে বিনোদন পাড়ায় এখন জোর আলোচনা। সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। ট্রেলার নিয়ে যখন বিতর্ক শেষ হচ্ছিল না, তখনই প্রকাশ পেলো সিনেমার দু’টি গান। যেখানে যশ এবং কিয়ারার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

তবে সেখানেও বিতর্ক কম ছিল না। এটিকে কিয়ারার অভিনয় জীবনের সবচেয়ে সাহসী ও চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে দেখা হচ্ছে। এবার এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, চিত্রনাট্য শোনার পর পরই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে, সিনেমাটি তিনি করবেন। তিনি বলেন, পরিচালক যখন আমাকে গল্পটি শোনান, চরিত্রটির গভীরতা দেখে আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম।

প্রতিটি অভিনেতাই স্ক্রিনে এমন একটি জটিল ও শক্তিশালী চরিত্র ফুটিয়ে তোলার স্বপ্ন দেখেন। আমার মনে হয়েছে ক্যারিয়ারের এমন এক পরিপক্ব জায়গায় আমি এসে পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে এই ধরনের সাহসী চরিত্র করার আত্মবিশ্বাস আমার তৈরি হয়েছে। নারী চরিত্রকে গতানুগতিক ছকে আটকে রাখার বিরোধিতা করে কিয়ারা বলেন, আমাদের সমাজে নারীরা একাধারে অনেক কিছু সামলায়।

তাই সিনেমায় নারী চরিত্রগুলোকে কেন সাধারণ রাখা হবে? আমার মতে, স্ক্রিনে নারী চরিত্রগুলোর আরও শক্তিশালী, বাস্তবমুখী ও জটিল হওয়া প্রয়োজন। দক্ষিণী পরিচালক গীতু মোহনদাসের পরিচালনায় এবং কেভিএন প্রোডাকশনস ও যশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘টক্সিক’। যশের অ্যাকশনের সঙ্গে কিয়ারার এই সাহসী রূপ প্রেক্ষাগৃহে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন