বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অতীতে হটকারিতা, আত্মঘাতী তৎপরতা, সহিংসতা ও অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে বিশ্বের অনেক বিপ্লব ও গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এসব কারণে প্রতিবিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিপ্লবের নেতা ও সন্তানরাই সেই পরিস্থিতির শিকার হয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অংশীজনদের সতর্ক করে বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। নিজেদের মধ্যে আত্মঘাতী সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি সেই সুযোগ গ্রহণ করতে পারে। রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।
সাইফুল হক বলেন, এক যাত্রায় সবকিছু অর্জনের চিন্তা করা ঠিক নয়। সবকিছু যদি শুধু বিএনপি সরকারের ওপর ছেড়ে দেয়া হয়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার প্রয়োজন থাকবে না। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গণআকাক্সক্ষা বাস্তবায়নে বিএনপি সরকারের প্রতি দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক ও প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য ও নারী নেত্রী বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিকনেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন ও আজাদ হোসেন হৃদয়সহ অন্যরা।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ জুলাইয়ের সব বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।
