ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া (২০) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। তাকে নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে সে। আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
