বাংলাদেশ জাতীয় হকি দলের ক্যাম্পে আবারো ডাক পাচ্ছেন অভিজ্ঞ হকি তারকা রাসেল মাহমুদ জিমি। এশিয়ান গেমসের জন্য আজ প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ হকি ফেডারেশন। জানা যায়, ৩৯ বছর বয়সী এ ফরোয়ার্ডসহ পাঁচ অভিজ্ঞ খেলোয়াড়কে রাখা হয়েছে প্রাথমিক দলে। গতকাল মানবজমিনকে জিমির প্রাথমিক দলে থাকার বিষয়টি নিশ্চিত করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। ২০২৪ ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার লীগ হকিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১২ গোল করেন জিমি। এমন উজ্জ্বল পারফরম্যান্সের পরও গত বছর ইন্দোনেশিয়ায় হওয়া এএইচএফ কাপের দলে জায়গা পাননি দেশের অন্যতম সেরা প্লে মেকার। ১৭ মাস আগে বয়সের অজুহাতে জিমিকে বাদ দেয় তৎকালীন হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি। কুপার টেস্ট দেয়ার সুযোগ মেলেনি তার।
এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন জিমি। সেই সময় বলেছিলেন, ‘এটা বিরাট অন্যায়। আমি দলে খেলার যোগ্য কি না, সেটা যাচাইয়ের জন্য অন্তত ফিটনেস টেস্টের সুযোগ দেওয়া উচিত ছিল। তা-ও দেয়া হয়নি। এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না।’ এরপর থেকে জাতীয় দলের পথ চেয়ে অপেক্ষা করেছেন জিমি। জাতীয় দলে ফেরার স্বপ্নে দিনের পর পর দিন নৌবাহিনীর মাঠে অনুশীলন করেছেন। সেই অপেক্ষা ফুরিয়েছে তার। তবে জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পেতে জিমিকে আরো কাঠখড় পোড়াতে হবে। জিমির জাতীয় দলের ক্যাম্পে প্রত্যাবর্তন নিয়ে প্রিন্স বলেন, ‘জিমিকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। শুধু জিমি নয়, পাঁচ অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা প্রাথমিক স্কোয়াডে বিবেচনা করেছি। কোচ যদি মনে করেন, জিমি চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্য, তবে সেটাই হবে।’
জিমি ছাড়াও এশিয়ান গেমসের প্রাথমিক দলে জায়গা পাওয়া অভিজ্ঞ চার হকি খেলোয়াড় হলেন-পুষ্কর খিসা মিমো, নাঈম উদ্দিন ও সৈকত। তাদের বাদ দিয়ে গত দুই বছরে তরুণ খেলোয়াড়দের দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলিয়ে সাফল্য পায়নি হকি ফেডারেশন। এএইচএফ কাপে চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ গতবছর ওমানের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি। এ কারণে ৪০ বছর পর এশিয়া কাপে খেলার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। পরে পাকিস্তান নাম সরিয়ে নেয়ায় এশিয়া কাপে খেলে বাংলাদেশ। কিন্তু ষষ্ট হয়ে টুর্নামেন্ট শেষ করে। এশিয়ান গেমসের টিকিট পেতেও ঘাম ঝড়াতে হয়েছে। বাছাইপর্বে হরহামেশা চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়া বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করে পঞ্চম হয়ে। সেই বাংলাদেশের নতুন মিশন এশিয়ান গেমস। আর এ গেমসকে সামনে রেখে জাতীয় হকি দলের দায়িত্ব পাওয়া পিটার গেরহার্ড আজ দল বাছাইয়ের কাজ শুরু করবেন। সেখানে প্রমাণ করতে পারলে আবারো লাল-সবুজ জার্সি গায়ে জড়াবেন জিমি। নিজের ফেরা নিয়ে রোমাঞ্চিত তিনি।
এ প্রসঙ্গে জিমি বলেন, ‘লম্বা সময়ের অপেক্ষা শেষ হলো। আমাকে সুযোগ করে দেয়ার জন্য হকি ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা। জানিনা, মূল দলে জায়গা পাবো কিনা! তবে নিজের সর্বোচ্চটা উজার করে দেবো।’ ২০০৩ সালে আন্তর্জাতিক হকিতে অভিষেক হওয়া জিমি দেশের হয়ে ১৯৪টি ম্যাচ খেলেছেন। লাল-সবুজ জার্সিতে সবশেষ খেলেছেন ২০২৩ সালে, হাংজু এশিয়ান গেমসে। যদি গেরহার্ডের দলে জায়গা পান, তবে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁতে পারেন জিমি।
