বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব

বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে সাকিব

ফন্ট সাইজ:

এশিয়ান লিজেন্ডস লীগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। আফ্রিকার দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকায় ৩০শে জুলাই এ টুর্নামেন্টের পর্দা উঠেছে। লুসাকার লোটাস স্পোর্টস ক্লাব মাঠে টুর্নামেন্টের সব ম্যাচ হবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দল। বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। একক লীগ পদ্ধতিতে ১৫ ম্যাচ শেষে সেরা চার দল খেলবে প্লে অফে। সব মিলিয়ে টুর্নামেন্টে হবে ১৯টি ম্যাচ। ফাইনাল ১০ই আগস্ট। গত আসরের ফাইনালে ইন্ডিয়ান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রেস্ট অব এশিয়ান স্টার্স। এবারের আসরে ইন্ডিয়ান রয়্যালসের অধিনায়কত্ব করবেন ইউসুফ পাঠান, শ্রীলঙ্কান লায়ন্সে থাকছেন থিসারা পেরেরা, আফগানিস্তান পাঠানসের নেতৃত্বে আসগার আফগান এবং পাকিস্তান প্যান্থার্সে মোহাম্মদ হাফিজ।

রেস্ট অব এশিয়ান স্টার্সের অধিনায়কত্বে থাকছেন শ্রীলঙ্কার সাবেক তারকা তিলকরত্নে দিলশান। আর বাংলাদেশ টাইগার্সের ভার সাকিব আল হাসানের কাঁধে। সাকিব ছাড়াও টাইগার্স দলে আছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহরাব হোসেন অপি, শুভাগত হোম, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, জুবায়ের হোসেন, রুবেল হোসেনসহ আরও কয়েকজন সাবেক তারকা। ভারতের শিখর ধাওয়ান, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, হরভজন সিং, দীনেশ কার্তিক; পাকিস্তানের উমর আকমল, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, ইয়াসির শাহ, শোয়েব মালিক; শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, উপুল থারাঙ্গা, ইসুরু উদানার মতো ক্রিকেটাররা এ টুর্নামেন্ট মাতাবেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। ৩১শে জুলাই প্রথম ম্যাচে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। দ্বিতীয় ম্যাচে সাকিবের বাংলাদেশ টাইগার্স মুখোমুখি হবে ইন্ডিয়ান রয়্যালসের। টুর্নামেন্টের কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ৮ই আগস্ট, কোয়ালিফায়ার-২ হবে ৯ই আগস্ট এবং ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ১০ই আগস্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন