চট্টগ্রাম থেকে শুরু হবে দেশের প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

চট্টগ্রাম থেকে শুরু হবে দেশের প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ

ফন্ট সাইজ:

শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে আগস্ট থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এ প্রতিযোগিতায় দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার ভিত্তি শক্তিশালী করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করাই এ টুর্নামেন্টের লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ের মেধাবী ফুটবলার তৈরি করাও সরকারের অন্যতম লক্ষ্য। এর আগে প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিক্ষার্থীকে নিয়ে বড় পরিসরে ক্রীড়া আয়োজন করা হলেও এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬৭৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম থেকেই একই সময়ে দেশের সব উপজেলায় টুর্নামেন্টের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ৯ই আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বরের ৯ অথবা ১০ তারিখ উদ্বোধনের বিষয়ে ভাবা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রতিযোগিতাকে ঘিরে লোগো, মাসকট, স্লোগান, থিম সং ও রিলস তৈরিতে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নির্বাচিত সেরা সৃষ্টিগুলোকে পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন