টঙ্গীতে শুরু আরচারির জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম

ফন্ট সাইজ:

তরুণ ও সম্ভাবণাময় আরচারদের প্রমাণের মঞ্চ হিসেবে যাত্রা শুরু করেছে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি ও জয়েন্ট ট্রেনিং প্রোগাম। গতকাল টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে টুর্নামেন্টের পর্দা ওঠে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ২৬ দেশের প্রতিনিধিদের নিয়ে চার দিনব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে ২রা আগস্ট। এবার প্রেসিডেন্ট কাপ আরচারি টুর্নামেন্টে ৭০ জন অংশ নিচ্ছেন। এর আগে তিনবার এ টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ। প্রধান অতিথি ফরহাদ হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়ার প্রতি অত্যন্ত অনুরাগী এবং আরচারির উন্নয়নে তার বিশেষ আগ্রহ রয়েছে। আগামী দিনে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এই আরচারির হাত ধরেই বড় কোনো গৌরব ও স্থান দখল করবে।’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘ফেডারেশন অতীতে যা বলেছে, তা সফলভাবে বাস্তবায়ন করেছে। বাংলাদেশকে যদি অলিম্পিকে পদক জিততে হয়, হয়তো আমরা ২০২৮ এ পারবো না। তবে ২০৩২ সালে আমাদের বর্তমান তরুণ ও যুব প্রজন্মকে নিয়ে আমরা ঠিকই বাংলাদেশকে অলিম্পিক পদকে ভূষিত করবো।’

গতকাল জয়েন্ট ট্রেনিং প্রোগামে ১১জন প্রশিক্ষক স্পোর্টস ইনজুরি প্রিভেনশন, স্পোর্টস নিউট্রিশন, স্পোর্টস সাইকোলোজি ও এন্টিডোপিং নিয়ে প্রশিক্ষণ দেন। জয়েন্ট ট্রেনিং প্রোগামে ২৬ দেশের প্রতিনিধি থাকলেও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে লড়বে ১৭টি দেশ। ইভেন্ট থাকবে ৬টি। প্রতিযোগিতা হবে রিকার্ভ ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। এ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১০জন আরচার। রিকার্ভ পুরুষ ইভেন্টে রামকৃষ্ণ সাহা, আব্দুর রহমান আলিফ আর রিকার্ভ মহিলা ইভেন্টে লড়বেন সীমা আক্তার শিমু ও নাসরিন আক্তার। অনূর্ধ্ব-১৮ পর্যায়ে দুজন করে বালক ও বালিকা লড়বেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন