‘ক্যাপ নম্বর ২৭৮ সাইনিং অফ’

‘ক্যাপ নম্বর ২৭৮ সাইনিং অফ’

ফন্ট সাইজ:

ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার আজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারসহ ২২ গজের ইতি টানেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিস্তৃত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। সব ফরম্যাট মিলিয়ে তার মোট রান ৮৪১৪ এবং সেঞ্চুরির সংখ্যা ১৫।

দেশের বাইরে কঠিন কন্ডিশনে তার পারফরম্যান্স ছিল সবসময়ই দলীয় সাফল্যের চাবিকাঠি। টেস্টে ৫১২৭ রান (গড় ৩৮.৪৬, ১২ সেঞ্চুরি), ওয়ানডেতে ২৯৬২ রান (গড় ৩৫.২৬, ৩ সেঞ্চুরি) এবং সীমিত সংস্করণের ক্রিকেটে ৩৭৫ রানের মালিক তিনি। এছাড়া ভারতের হয়ে ৬টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪টিতে জয় ও ২টিতে ড্র করেন। রাহানের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক ২-১ টেস্ট সিরিজ জয়। অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের দায়িত্ব নেন রাহানের। এরপর মেলবোর্নে তার দুর্দান্ত সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি ছিলেন ভারতের টপ স্কোরার। অবসরের ঘোষণায় ইনস্টাগ্রামের ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী রাহানে বলেন, ‘আমি আমার ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি এবং এর গুরুত্ব বুঝেছি। আজ আমার মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময় এটাই। ডোম্বিভলি থেকে প্রতিদিন লড়াই করে আসা সেই ছোট ছেলেটি থেকে শুরু করে ভারতের ক্যাপ গায়ে চাপানো পর্যন্ত- আমি এই খেলাটিকে আমার সবটুকু দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি দিন, প্রতিটি ইনিংস, উইকেটে কাটানো প্রতিটি মুহূর্তের একটাই স্বপ্ন ছিল- ভারতের ক্যাপ মাথায় পরা। আমি সবসময় একটি সাধারণ নিয়ম মেনে চলেছি, দেশ ও দলকে নিজের আগে রাখা। সম্পূর্ণ সততার সঙ্গে আমি এই খেলাটি খেলেছি।’ আইপিএলের শেষ দুই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেয়া রাহানের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল তাদের হয়েই। বর্তমানে তিনি যুক্তরাজ্যে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ), সতীর্থ, কোচ, পরিবার এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহানে বলেন, ‘আমার ভারতীয় ক্রিকেটের অধ্যায় শেষ হলেও খেলার সঙ্গে আমার যাত্রা শেষ হচ্ছে না। আমি পরবর্তী প্রজন্মকে সাহায্য করতে এবং খেলাটিকে ফিরিয়ে দিতে চাই, যা আমাকে সবকিছু দিয়েছে।’ বর্ণাঢ্য এই অধ্যায়ের সমাপ্তি টেনে তিনি বলেন, ‘ক্যাপ নম্বর ২৭৮, সাইনিং অফ।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন