বাংলা চলচ্চিত্রের পাঁচ কিংবদন্তি শিল্পী- শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা। রুপালি পর্দার এই তারকারা এবার একসঙ্গে মিলিত হলেন চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘স্মৃতিময় একদিন’ অনুষ্ঠানে। দীর্ঘদিন পর এক ছাদের নিচে তাদের মিলন যেন ফিরে দেখার এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছিল। আড্ডা জুড়ে উঠে এসেছে চলচ্চিত্র জীবনের অসংখ্য অজানা গল্প, ব্যক্তিগত স্মৃতি আর আবেগঘন মুহূর্ত। বর্ষার সৌন্দর্য, বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গান থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বাঁকের গল্প- সবই ভাগাভাগি করেছেন তারা। অনেকের সঙ্গে অনেকের দেখা হয়েছে বহু বছর পর। তাই আড্ডা জুড়ে ছিল স্মৃতিচারণ, হাসি-আনন্দ আর
আবেগের মেলবন্ধন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। চলচ্চিত্রের বাইরেও শিল্পীদের ব্যক্তিজীবনের এমন অনেক অপ্রকাশিত গল্প উঠে এসেছে, যা আগে কখনো দর্শকের সামনে বলা হয়নি। চ্যানেল আইয়ের স্টুডিওতে ধারণ করা এই বিশেষ পর্ব ‘স্মৃতিময় একদিন’ প্রচারিত হবে আজ রাত ১০টা ১০ মিনিটে।
