দীর্ঘ চার বছর পর নিজের বহুল আলোচিত গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার দাবি- সাম্প্রতিক সময়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনের বক্তব্যে নিশ্চিত হয়েছেন যে, শুরু থেকেই তিনি সত্যের পক্ষেই ছিলেন। আর এতেই যেন তার বুকের উপর থেকে দীর্ঘদিনের ভার নেমে গেছে। বুধবার রাজধানীতে এক পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমার শুধু মনে হয়েছে, সত্য একদিন না একদিন ব্লাস্ট করবেই। কোনো ক্রাইম যেমন সঠিক না, তেমনি কোনো সত্যও চিরদিন চাপা থাকে না। আমি শুধু ধৈর্য ধরেছি।
চার বছর পর মনে হচ্ছে, সত্যটা সবার সামনে এসেছে। গ্রেপ্তারের দিনের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, যেদিন তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়, তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা বাসা তল্লাশির প্রয়োজনীয় অনুমতি ছিল না। তবে সেদিন তিনি কোনো বাধা দেননি। শুধু জানতে চেয়েছিলেন, কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার ভাষ্য- আমি দেখেছি, যারা আমাকে নিতে এসেছিলেন তারাও বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছিলেন, কীসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হবে। সাংবাদিক বা আমজনতা প্রশ্ন করলে কী উত্তর দেবেন, সেটাও তাদের কাছে পরিষ্কার ছিল না। পরীমনি আরও বলেন, আমি আইনের উপর বিশ্বাস রাখি।
যতদিন লাগে, ততদিন আদালতে হাজিরা দেবো। আমার বিশ্বাস, একদিন আদালতই আমাকে আমার সম্মান ফিরিয়ে দেবে এবং বলবে তুমি নির্দোষ, বাড়ি যাও। শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, শুধু শিল্পীদের নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিল্পী, রিকশাচালক কিংবা যেকোনো পেশার মানুষ সবাই নিরাপদে বাঁচতে চায়। আমরা হেনস্তা থেকে মুক্তি চাই। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
