৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বড় রদবদল

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ফন্ট সাইজ:

সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের পূর্ববর্তী নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগগুলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে ৮৬ জন আইনজীবীকে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন সুলতানা আকতার রুবি, মো. জসিম সরকার, খাঁন জিয়াউর রহমান, আখতার হোসেন, মাহবুবা আকতার জুঁই, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ মহসিন কবির, মো. মহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), সালমা সুলতানা, মোহাম্মদ ওসমান চৌধুরীসহ মোট ৮৬ জন আইনজীবী।

একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. সোলাইমান হোসেন, আকলিমা পারভীন, সাবিকুন নাহার, খোরশেদ আলম (সেলিম), একরামুল কবির, এলিনা চৌধুরী, রাকিব হোসেন, মো. মশিউর রহমান (রিয়াদ), রাফিজা আলম লাকি, মো. এমদাদুল হানিফ, মহিউদ্দিন মো. হানিফ, মো. সিরাজুল আলম, মুসরাত জাহান (শান্ত), মো. আসিফ ইমরান (জিসান)সহ ১৭৯ জন আইনজীবী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উভয় নিয়োগই অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন