দীর্ঘ ১২ বছর পর অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বুধবার রাতে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’ যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
রুনা লায়লার আগমনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। তার এক ভক্ত লিখেছেন, যখন স্বপ্ন সত্যি হয় এবং অবশেষে সুরের রাণীর সঙ্গে দেখা হয়, তখন মুগ্ধ হওয়াটা অনিবার্য। তাঁর অবিস্মরণীয় পারফরম্যান্স সরাসরি উপভোগ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ‘বাংলাদেশ নাইট’ মিস করার জন্য জীবনটা সত্যিই খুব ছোট।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনা লায়লা বলেন, বহু বছর পর আবারও অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। প্রবাসী বাংলা সংগীতপ্রেমীদের সঙ্গে আবারও মিলিত হওয়ার এই মুহূর্ত তাঁর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
জানা যায়, ২০১৪ সালে সিডনিতে অনুষ্ঠিত ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নিয়েছিলেন রুনা লায়লা। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের নথিতেও সেই সাংস্কৃতিক আয়োজনের উল্লেখ রয়েছে। তারও আগে, ২০০৭ সালের ১৮ মার্চ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ভেন্যু সিডনি অপেরা হাউসের কনসার্ট হলে ‘Sparkling Night with Runa Laila’ শীর্ষক একক সংগীতানুষ্ঠানে পরিবেশন করেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের কাছে সেই অনুষ্ঠান আজও সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হয়। প্রায় এক যুগ পর আবারও সিডনির মঞ্চে রুনা লায়লার প্রত্যাবর্তন ঘিরে প্রবাসী সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। আয়োজকদের বিশ্বাস, ‘বাংলাদেশ নাইট ২০২৬’ অস্ট্রেলিয়ায় বাংলা সংগীত ও সংস্কৃতির অন্যতম বৃহৎ ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।
অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে পরিবেশনায় থাকবে বেঙ্গল সিম্ফনি। পাশাপাশি মঞ্চে গান শোনাবেন কোক স্টুডিও বাংলা-খ্যাত শিল্পী ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজনীন নেহা।
আয়োজক কমিটি জানিয়েছে, ‘বাংলাদেশ নাইট ২০২৬’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়। এটি প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাদের প্রত্যাশা, কিংবদন্তি রুনা লায়লার সুর, বেঙ্গল সিম্ফনির পরিবেশনা এবং জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সিডনির এই সন্ধ্যা হয়ে উঠবে বাংলা সংগীত প্রেমীদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি।
