রুলস অব বিজনেস এবং সাংবিধানিক সংকট

ফন্ট সাইজ:

বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার বিরাজমান। সংসদীয় পদ্ধতিতে ক্ষমতার সাংবিধানিক উৎস, প্রয়োগের সীমা এবং জবাবদিহির সুনির্দিষ্ট কাঠামো এবং নির্ধারিত ব্যবস্থা রয়েছে।
নবগঠিত সরকার মন্ত্রিপরিষদ গঠন করার পর বেশ কয়েকজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করেছেন। এই প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রশ্ন সামনে এসেছে, একজন উপদেষ্টা কি সরকারের নীতি, সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থানের প্রধান ব্যাখ্যাকারী হয়ে উঠতে পারেন?

বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় মন্ত্রণালয়ের নির্বাহী হচ্ছেন মন্ত্রী, অন্য কেউ হতে পারেন না। এটি কোনো উপদেষ্টার ব্যক্তিগত যোগ্যতা, সততা বা গ্রহণযোগ্যতার প্রশ্ন নয়। একজন উপদেষ্টার জ্ঞান অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনায় অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির গুণাবলীর চেয়েও গুরুত্বপূর্ণ হলো দায়িত্বের সীমারেখা, সাংবিধানিক এখতিয়ার এবং ক্ষমতার সঙ্গে জবাবদিহির সম্পর্ক। সংসদীয় ব্যবস্থার মূলনীতি হলো জবাবদিহিবিহীন কোনো ক্ষমতা নয়। যেখানে ক্ষমতা থাকবে, সেখানে তার উপযুক্ত সাংবিধানিক দায়িত্ব ও জবাবদিহির কাঠামোও থাকতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর দুই একজন উপদেষ্টা জবাবদিহিবিহীন ক্ষমতা প্রয়োগ করছেন। এই প্রেক্ষিতে মন্ত্রী ও উপদেষ্টার অবস্থান বিশ্লেষণ করা জরুরি।

১. সাংবিধানিক নির্বাহী পদ বনাম উপদেষ্টা:
সংবিধানের ৫৬ অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগের মাধ্যমে মন্ত্রিসভা গঠিত হয়। তারা সংবিধানের তৃতীয় তফসিল অনুযায়ী শপথ গ্রহণ করেন, জাতীয় সংসদে আলোচনায় অংশ নেন এবং সরকারের নীতি ও সিদ্ধান্তের ব্যাখ্যা দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ ভিন্ন প্রকৃতির। এই পদটি সংবিধান সৃষ্ট কোনো নির্বাহী পদ নয়। প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতার অংশ হিসেবে প্রশাসনিক বিধিমালা ‘রুলস অফ বিজনেস’-এর আলোকে উপদেষ্টা নিয়োগ করেন এবং তাদের কার্যপরিধি নির্ধারণ করেন। অর্থাৎ রুলস অফ বিজনেস অনুযায়ী উপদেষ্টাদের ভূমিকা ও দায়িত্বের প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে, এটি তাদের সাংবিধানিক নির্বাহী মর্যাদা প্রদান করে না। উপদেষ্টার মূল ভূমিকা হলো প্রধানমন্ত্রীকে নীতি, প্রশাসন ও বিশেষায়িত বিষয়ে পরামর্শ দান। অর্থাৎ উপদেষ্টা হলেন সরকারের নীতি সহায়ক, তিনি সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজনৈতিক নির্বাহীর বিকল্প নন।
এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য স্মরণ রাখা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় ‘উপদেষ্টা’ পদটি ভিন্ন সাংবিধানিক ও রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় উপদেষ্টা পরিষদ বিশেষ সাংবিধানিক রাজনৈতিক ব্যবস্থার অধীনে মন্ত্রিপরিষদের কার্যাবলী সম্পাদনকারী নির্বাহী কাঠামো হিসেবে কাজ করেছিল। কিন্তু বিদ্যমান সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তারা মন্ত্রিপরিষদের সদস্য নন, শপথ গ্রহণ করেননি এবং সংসদের কাছে জবাবদিহিমূলক নির্বাহী কাঠামোর অংশও নন।

সুতরাং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সংসদীয় সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টাদেরকে একই মানদণ্ডে বিচার করা যায় না। সংসদ সদস্য নন এমন ব্যক্তিকেও মন্ত্রী নিয়োগ দেয়া যেতে পারে, তা অবশ্যই সংবিধান নির্ধারিত প্রক্রিয়ায়। শপথ নিতে হয়, মন্ত্রিসভার সদস্য হিসেবে সংসদের কাছে রাজনৈতিকভাবে জবাবদিহি করতে হয়। নির্বাচিত কিংবা অনির্বাচিত যিনি মন্ত্রী হবেন, তিনি সাংবিধানিক নির্বাহী কাঠামোর অংশ, মন্ত্রিসভার যৌথ দায়িত্বের অধীন এবং সংসদীয় জবাবদিহিতার আওতাভুক্ত।

অন্যদিকে একজন উপদেষ্টা যতই যোগ্য, অভিজ্ঞ কিংবা প্রভাবশালী হোন না কেনÑতিনি মন্ত্রিসভার সদস্য নন। তিনি মন্ত্রীর মতো রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করেননি, শপথ নেননি এবং জবাবদিহি কাঠামোর অধীন নন। সুতরাং উপদেষ্টা স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রীর বিকল্প হয়ে উঠতে পারেন না।
২. শপথ ও বৈধতা:
রাষ্ট্র পরিচালনায় শপথ কোনো আনুষ্ঠানিক রীতি নয়, সাংবিধানিক দায়িত্বের অংশ। একজন মন্ত্রী সংবিধান নির্ধারিত শপথের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক কাঠামোর অংশ হন। তার উপর ব্যক্তিগত ও যৌথ মন্ত্রিসভার দায়িত্ব অর্পিত হয়। তিনি সরকারের সিদ্ধান্তের জন্য রাজনৈতিকভাবে দায় বহন করেন এবং সংসদে জবাবদিহি করতে বাধ্য থাকেন।
ফলে কোনো উপদেষ্টা যখন মন্ত্রীর মতো নীতি ঘোষণা, সরকারি সিদ্ধান্তের ব্যাখ্যা বা রাজনৈতিক অবস্থানের প্রধান প্রতিনিধি হয়ে ওঠেন, তখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসে-এই ক্ষমতার সাংবিধানিক ভিত্তি কী!

৩. দায় ও জবাবদিহি:
সংসদীয় ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো প্রত্যেক মন্ত্রী যৌথভাবে দায়ী। সরকারি সিদ্ধান্ত কেবল সংশ্লিষ্ট মন্ত্রী নয়, সমগ্র মন্ত্রিসভার সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। কিন্তু উপদেষ্টা এই যৌথ সংবিধানিক দায়িত্বের অংশ নন। যদি ক্ষমতার সাংবিধানিক দায়িত্ব মন্ত্রিপরিষদের বাইরে অন্য কারও ওপর থাকে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, গণতন্ত্রে শুধু সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ নয়, সিদ্ধান্তের দায় কে বহন করবে সেটাও সমান গুরুত্বপূর্ণ।

৪. সমান্তরাল ক্ষমতার কেন্দ্র:
কোনো উপদেষ্টা যদি কোনো মন্ত্রণালয়ের নীতিনির্ধারণ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনসম্মুখে সরকারের অবস্থা ব্যাখ্যার প্রধান ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে একটি সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি হবে। সাংবিধানিক এবং আনুষ্ঠানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে ক্ষমতা কোনো অনানুষ্ঠানিক শক্তির কাছে স্থানান্তরিত হবে।
এতে তিনটি দীর্ঘস্থায়ী সংকট তৈরি হবে-
প্রথমত, ক্ষমতার প্রকৃত উৎস অস্পষ্ট ও জটিল হয়ে পড়বে।
দ্বিতীয়ত, সিদ্ধান্ত গ্রহণের জন্য জনগণের কাছে রাজনৈতিকভাবে দায়ী ব্যক্তি নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে।
তৃতীয়ত, প্রশাসনের মধ্যে ক্ষমতা ও বিভ্রান্তির সৃষ্টি হবে। যা সরকারকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।

৫. বিশেষজ্ঞের ভূমিকা:
আধুনিক রাষ্ট্রে ও প্রযুক্তিগত উৎকর্ষতার জটিল বিশ্বব্যবস্থায় জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি ও শিল্প-সাহিত্যে ব্যুৎপত্তি অর্জনকারী অর্থাৎ বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য। রাষ্ট্র পরিচালনায় তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে তাদের সাংবিধানিক ভূমিকা নির্ধারণ করতে হবে।

বিদ্যমান ব্যবস্থায় উপদেষ্টার মূল শক্তি হলো-পরামর্শ, গবেষণা ও নীতি সহায়তা প্রদান, সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা গ্রহণ নয়। একজন উপদেষ্টা যতই গুরুত্বপূর্ণ হোন কিন্তু তিনি স্বয়ংক্রিয়ভাবে নির্বাহীর ক্ষমতা প্রয়োগ করতে পারেন না।

৬. রুলস অফ বিজনেস বনাম সাংবিধানিক সীমারেখা:
রুলস অফ বিজনেস সরকারের অভ্যন্তরীণ কার্যাবলী পরিচালনার জন্য একটি বিধিমালা, তবে এটি কোনোক্রমেই সংবিধানের মৌলিক কাঠামোকে অতিক্রম করতে পারে না। যদি উপদেষ্টা কার্যত সাংবিধানিক মন্ত্রীর রাজনৈতিক ভূমিকা পালন করেন, তবে তা হবে সংসদীয় চেতনার সঙ্গে চরম অসঙ্গতিপূর্ণ।

উপদেষ্টা প্রয়োজন কিন্তু মন্ত্রীর বিকল্প নয়। ক্ষমতা, বৈধতা ও জবাবদিহির ভারসাম্য রক্ষা করাই সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রের স্থিতিশীলতার মৌলিক শর্ত।
লেখক: গীতিকবি ও সংবিধান বিশ্লেষক
faraiæ[email protected]

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন