১৬ হাজার কোটি টাকায় কেনা হচ্ছে ১৫ লাখ টন জ্বালানি তেল

ফন্ট সাইজ:

দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার থেকে সরকার (জিটুজি) মেয়াদি চুক্তির আওতায় ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য ১৫ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট থেকে এ ব্যয় বহন করা হবে।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জনা গেছে, বিপিসি থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং ভারতের আইওসিএল- এই ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে জিটুজি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট ১৫ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৯ লাখ ১৫ হাজার টন গ্যাস অয়েল, ২ লাখ ৮০ হাজার টন জেট এ-ওয়ান, ২ লাখ টন ফার্নেস অয়েল, এক লাখ টন গ্যাসোলিন-৯৫ (আনলোডেড) এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল।

গ্যাস অয়েলের প্রতি ব্যারেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯.৫০ ডলার, জেট এ-ওয়ানের ক্ষেত্রে ১০.১৫ ডলার এবং গ্যাসোলিন-৯৫ (আনলোডেড)-এর ক্ষেত্রে ৮.৪৯ ডলার। এছাড়া ফার্নেস অয়েলের জন্য প্রতি টনে ৬৬ ডলার এবং মেরিন ফুয়েলের জন্য প্রতি টনে ৮৫ ডলার দাম নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ে একই ধরনের জিটুজি চুক্তির আওতায় ১২ লাখ ৪০ হাজার টন বিভিন্ন গ্রেডের পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়েছে। আগামী জুলাই থেকে ডিসেম্বর সময়ের সম্ভাব্য চাহিদা পূরণে নতুন এ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন