দেড় বছর আগে গুরুতর চোট পেয়েছিলেন, এরপর মানতে হয়েছে নানা রকমের নিয়ম। দীর্ঘ লড়াইয়ের পর, অবশেষে আবার জিমে ফিরলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। জীবনের এই বিশেষ মুহূর্তের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, চোটের কারণে তাকে শুধু শরীরচর্চা থেকেই দূরে থাকতে হয়নি, বদলে গিয়েছিল তার জীবনের ভাবনাও। সামাজিক মাধ্যমে নিজের ছবি ভাগ করে রাকুল লিখেছেন, প্রত্যেকের জীবনেই এমন একটি অধ্যায় আসে; যা কেউ আগে ভাবতেই পারে না।
আমার জীবনে সেই অধ্যায় এসেছিল একটি চোটের মাধ্যমে। তিনি জানান, চোট পাওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তার নানা রকমের অভিজ্ঞতা হতো। একদিকে যন্ত্রণা কাটিয়ে উঠতে চাওয়ার চেষ্টা চালিয়ে যেতেন, আবার পরমুহূর্তেই হয়তো থমকে যেতে হতো। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সফরের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে থাকেন তিনি। ধীরে ধীরে তার লক্ষ্যও বদলে যায়। বেশি ওজন তোলার বদলে সুস্থ হয়ে ওঠাই হয়ে ওঠে তার প্রথম অগ্রাধিকার। প্রায় ১৮ মাস পর আবার জিমে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।
সেই অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, আজ আবার জিমে ফিরে আসা যেন দীর্ঘ সফরের পর নিজের বাড়িতে ফেরার মতো। তবে তার বিশ্বাস, তিনি আগের সেই মানুষ হিসেবে
ফেরেননি। বরং নতুন এক রাকুল হয়ে ফিরেছেন। গুরুতর চোটের সঙ্গে লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছে। বর্তমানে রাকুল ব্যস্ত সময় পার করছেন নিতেশ তিওয়ারির পরিচালিত সিনেমা ‘রামায়ণ’র শুটিংয়ে।
