আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর সাংবাদিকদের তিনি বলেন, একই বিষয়ে জিপিএইচ ইস্পাত এর আগে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিল এবং সে বিষয়ে আদেশও পেয়েছিল। পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন।
ফলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন ছিল। অ্যাটর্নি জেনারেল জানান, আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিম্ন আদালতে নতুন মামলা দায়ের করে। পরে সেই মামলায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করার সময় তারা পূর্বের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ এবং চলমান বিচারিক কার্যক্রমের তথ্য আদালতের কাছে গোপন করে। তিনি বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনলে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের দাবি ছিল, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।
এরপর রাষ্ট্রপক্ষ আদালতের কাছে এ ঘটনায় দৃষ্টান্তমূলক অর্থদণ্ড আরোপের আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ করে হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। আদালত আরও নির্দেশ দেন, জরিমানার অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এ আদেশ বিচারব্যবস্থার প্রতি অসততা, তথ্য গোপন এবং আদালতকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে একটি শক্ত বার্তা। একই সঙ্গে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন।
