চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৬ হিসাববছরের দ্বিতীয় অর্ধেও (এপ্রিল-জুন) ধারাবাহিক আর্থিক সাফল্য অর্জনের পাশাপাশি কোম্পানিটি রেকর্ড মুনাফা দেখিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল থেকে জুন সময়ে বাটা বাংলাদেশ ১৮৮ কোটি ৯৮ লাখ (১,৮৮৯.৮ মিলিয়ন) টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ বেশি। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে ২৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাটার মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫৬৮ কোটি ৬৮ লাখ (৫,৬৮৬.৮ মিলিয়ন) টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। বছরের প্রথম অর্ধে কর-পরবর্তী মুনাফা ৮৬ শতাংশ বেড়ে ৫০৪ মিলিয়ন টাকায় পৌঁছায়, যা গত বছরের একই সময়ে ছিল ২৭২ মিলিয়ন টাকা। এতে করে প্রথম ছয় মাসে বাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের ১৯.৮৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৮৭ টাকায়।
