কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার
জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। সোমবার রাতে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০১৮ সালের ২৬শে মে রাতে কক্সবাজারের টেকনাফে র্যাব-৭ এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন পৌরসভার কাউন্সিলর একরামুল। র্যাব হেফাজতে থাকাকালীন তিনি নিজের পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সে সময় পরিবারের সদস্যরা ফোনেই তাকে গুলি করার শব্দ শুনতে পান। পরে সেই ফোনালাপের রেকর্ড ফাঁস হলে ঘটনাটি দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের সময় মিফতাহ উদ্দিন আহমেদ র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন।
ওই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে সেখানে আসামি করা হয়।
ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং গ্রেপ্তার থাকা তিনজনকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। শেখ হাসিনা ও মিফতাহ উদ্দিন ছাড়া অন্য আসামিরা হলো- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক এমপি আবদুর রহমান বদি, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।
অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬শে মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলীর হোটেল নেটং’র সামনের রাস্তা থেকে একরামুল হককে অপহরণ করা হয়। পরে রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভসংলগ্ন সমুদ্রতীরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে ৪৬ বছর বয়সী একরামুল নিহত হন।
একরামকে বিচারবহির্ভূতভাবে হত্যার কথা উল্লেখ করে ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও তৎকালীন র্যাব-৭ অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
