দেশে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ৯০৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৯ শিশু। এর ফলে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গে ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন ১৫ হাজার ৬৫৬ শিশু। এখন পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
