পর্যটক ফেরাতে ৮০০ ডলারের প্রণোদনা প্যাকেজ চালু করলো দুবাই

ইরানের হামলার প্রভাব

পর্যটক ফেরাতে ৮০০ ডলারের প্রণোদনা প্যাকেজ চালু করলো দুবাই

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধের প্রভাবে পর্যটন খাতে ধস নামে দুবাইয়ে। যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালায় ইরান। এতে বিশ্বের অন্যতম পর্যটন বহুল শহর দুবাইয়ে আশঙ্কাজনকভাবে কমে আসে পর্যটকের সংখ্যা। অবস্থার পরিবর্তন ঘটাতে এবং পুনরায় পর্যটকদের ফেরাতে বড় ধরনের আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে শহরটি। শহরটির পর্যটন বিভাগ ‘এ দুবাই ইনভাইট’ নামের একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এর আওতায় দেশটির বাসিন্দা ও নাগরিকরা তাদের প্রবাসী আত্মীয়স্বজন বা বন্ধুদের দুবাই ভ্রমণের জন্য আমন্ত্রণ জানালে সর্বোচ্চ ৩,০০০ এইডি (প্রায় ৮১৬ মার্কিন ডলার) মূল্যের রিওয়ার্ড বা পুরস্কার প্যাকেজ পাবেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ২০২৫ সালে রেকর্ড ১ কোটি ৯৫ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক পেয়ে উচ্ছ্বাসিত ছিল দুবাই।

তবে মার্চ মাসে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুবাই শহর আক্রান্ত হওয়ার পর পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। হামলার ফলে ঐতিহাসিক ৫ তারকা হোটেল ‘ফেয়ারমন্ট দ্য পাম’ এবং বিশ্বখ্যাত ‘বুর্জ আল আরব’ হোটেল ক্ষতিগ্রস্ত হয়। এতে হোটেল দুটি বন্ধ ঘোষণা করা হয়। বুর্জ আল আরব ১৮ মাসের সংস্কার কাজের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এতে হোটেলের বুকিং ৮০ শতাংশ থেকে নেমে মাত্র ১০ শতাংশে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হচ্ছে। পর্যটন খাতের ধাক্কা কাটাতে দুবাই সরকার ‘এ দুবাই ইনভাইট’ স্কিম চালু করেছে, যা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় ১৮ বছরের বেশি বয়সী বৈধ প্রবাসীরা তিন জন পর্যন্ত অ-নিবাসী অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবেন এবং হোটেলের ফ্রিতে থাকা, রেস্তোরাঁ অফার ও বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশের সুযোগ পাবেন।

ইতোমধ্যেই কর্মসূচিটি চালুর প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে ১০,০০০-এর বেশি আবেদন জমা পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যের এক সময়ের শান্ত ও নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে খ্যাত দুবাই তাদের এই ভাবমূর্তি ফেরাতে হোটেল ট্যাক্স ও পৌরসভা ফি বাতিলের মতো আরও একাধিক আর্থিক ছাড়ের ব্যবস্থা নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এখনও সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ সতর্কতা বজায় রাখায়, বিশ্বের ভ্রমণপিপাসুদের মনের ভয় দূর করে পর্যটন শিল্পকে পুরোপুরি আগের জায়গায় ফিরিয়ে আনা এখন শহরটির মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন