স্তন ক্যানসারকে ‘আশীর্বাদ’ বললেন অভিনেত্রী ছবি মিত্তল

স্তন ক্যানসারকে ‘আশীর্বাদ’ বললেন অভিনেত্রী ছবি মিত্তল

ফন্ট সাইজ:

স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা জীবনকে নতুনভাবে দেখার সুযোগ করে দিয়েছে ভারতীয় অভিনেত্রী ছবি মিত্তল’কে। তার ভাষায়, ক্যানসার তার কাছে এক ধরনের ‘আশীর্বাদ’। কারণ এর পর থেকেই তিনি নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিতে শিখেছেন। ২০২২ সালের এপ্রিল মাসে ছবি মিত্তলের স্তন ক্যানসার ধরা পড়ে। পরে তিনি অস্ত্রোপচার, চিকিৎসা ও রেডিয়েশন থেরাপি সম্পন্ন করেন। চিকিৎসা শেষে তাকে ক্যানসারমুক্ত ঘোষণা করা হয়। ২০২৬ সালের এপ্রিল মাসে তিনি ক্যানসারমুক্ত থাকার চার বছর পূর্তি উদযাপন করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

সম্প্রতি নিজের পডকাস্ট ‘ক্যান্ডিড কনফেশনস উইথ ছবি’-তে অঙ্কেয়ার ক্যানসার সেন্টার্স-এর প্রতিষ্ঠাতা দীপক কুমারকে আমন্ত্রণ জানান ছবি। সেখানে অনকোলজি বা ক্যানসার চিকিৎসার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন। ছবি বলেন, ক্যানসার আমার কাছে এক ধরনের আশীর্বাদ ছিল। এটি যেন আমাকে দীর্ঘ ঘুম থেকে জাগিয়ে তুলেছে। তিনি জানান, ক্যানসার ধরা পড়ার আগে তার জীবনযাপন খুব একটা অস্বাস্থ্যকর ছিল না। তিনি নিয়মিত ব্যায়াম করতেন, স্বাস্থ্যকর খাবার খেতেন এবং পর্যাপ্ত ঘুমও হতো।

তবে তার সবচেয়ে বড় সমস্যা ছিল কাজের প্রতি অতিরিক্ত আসক্তি। তিনি বলেন, আমি কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে নিজের জন্য কোনো সময়ই ছিল না। নিঃশ্বাস নেয়ারও সময় ছিল না। আমি কাজটা খুব উপভোগ করতাম। কিন্তু সেই কারণে মানসিক চাপও অনেক বেশি ছিল। মনে হতো যেন সব সময় একটি ট্রেডমিলে দৌড়ে চলেছি। ছবি বলেন, ক্যানসার তাকে বাধ্য হয়ে কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে শিখিয়েছে। তিনি বলেন, তখন বুঝতে পারলাম, আমি অনেক দিন ধরেই নিজেকে অবহেলা করছি। আমি জীবনই উপভোগ করছি না, শুধু কাজ করে যাচ্ছি। এখন মনে হয়, ক্যানসারের পর আমার জীবনের মান অনেক ভালো হয়েছে। কারণ এখন আমি নিজের প্রতি, নিজের স্বাস্থ্য, খাবার, ঘুম এবং বিশ্রামের দিনগুলোকে অগ্রাধিকার দিই।

আগে তার জীবনে কাজই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পরিবার, স্বাস্থ্য এবং নিজের যত্ন- সবকিছুকেই সমান গুরুত্ব দেন। ছবির ভাষায়, আমি ক্যানসারকে আমার অনুপ্রেরণায় পরিণত করেছি। তিনি জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তিনি তার চিকিৎসক দলের ওপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তাদের পরামর্শ মেনেই সুস্থ হয়ে উঠেছেন। ২০২২ সালে প্রথম যখন তার স্তন ক্যানসার ধরা পড়ে, তখন তিনি বিষয়টি বিশ্বাসই করতে পারেননি। ছবি বলেন, প্রথমে তার মনে হয়েছিল, সিনেমা বা টেলিভিশন নাটকের মতো হয়তো ভুলবশত অন্য কোনো রোগীর পরীক্ষার রিপোর্ট তার হাতে চলে এসেছে।

তবে ধীরে ধীরে যখন তিনি বুঝতে পারেন যে সত্যিই তার ক্যানসার হয়েছে, তখন তার বিশ্বাস ছিল- চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে তিনি এটি জয় করতে পারবেন।
তিনি বলেন, আসল বাস্তবতা তখনই সামনে আসে, যখন আপনি বুঝতে পারেন ক্যানসার কোনো মজা নয়। পডকাস্টে উপস্থিত দীপক কুমার বলেন, রোগীরা অনেক সময় প্রথমে রোগের বিষয়টি অস্বীকার করেন বা হালকাভাবে নেন। এটি একটি বড় ভুল, কারণ এতে চিকিৎসা শুরু করতে দেরি হয়। তার মতে, ক্যানসার যদি ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়ে যায়, তাহলে চিকিৎসকদের জন্য রোগ নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়ে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন