রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ই আগস্ট দিবাগত মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। ফলে চলতি মৌসুমে প্রচলিত তিন মাসের নিষেধাজ্ঞার সঙ্গে অতিরিক্ত ১৬ দিন যুক্ত হলো। সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কাপ্তাই লেকের মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান সংক্রান্ত সভা’য় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। সভায় রাঙ্গামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক (কমান্ডার) মো. ফয়েজ আল করিম (এনডি, বিএন), জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, পানিস্বল্পতা ও কার্পজাতীয় মাছের প্রজনন মৌসুম বিবেচনায় গত ২৪শে এপ্রিল থেকে ৩১শে জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে মাছের প্রজনন, হ্রদে অবমুক্ত পোনা মাছের স্বাভাবিক বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ই আগস্ট দিবাগত মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা শেষে ১১ই আগস্ট সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাছ অবতরণ (ল্যান্ডিং) কার্যক্রম শুরু হবে। বিএফডিসি’র ব্যবস্থাপক (কমান্ডার) মো. ফয়েজ আল করিম জানান, ১০ই আগস্ট দিবাগত রাত থেকে কাপ্তাই হ্রদ মাছ আহরণের জন্য উন্মুক্ত করা হবে। পরদিন সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাছ অবতরণ কার্যক্রম শুরু হবে। হ্রদ চালুর প্রস্তুতির অংশ হিসেবে ইকোবোট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার কাজ ইতিমধ্যে চলছে।
কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা বাড়লো
রাঙ্গামাটি প্রতিনিধি
২৮ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
