অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ এবং ছবি চুরি ও ফাঁসের অভিযোগে বেনামী হ্যাকারের বিরুদ্ধে মামলা করেছেন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে ২৭ জুলাই মামলাটি দায়ের করা হয়।
হ্যাকিংয়ের মাধ্যমে গায়িকার সাথে যুক্ত সহকর্মীদের ডিভাইস এবং অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে মূল্যবান এই ডিজিটাল সম্পদগুলো চুরি করে আসছে। মামলার তথ্য অনুযায়ী, হ্যাকাররা সরাসরি গায়িকার ডিভাইস হ্যাক করার পাশাপাশি তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার ও ডিজিটাল টেকনিশিয়ানদের ব্যক্তিগত ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করে। পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে ‘ব্যাকডোর’ তৈরি করে এসব অপ্রকাশিত ডেটা বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়।
মামলার তথ্যে আরো উঠে এসেছে, ২০১১ সালে আরিয়ানার আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত তার শত শত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আইনি পদক্ষেপ বিষয়ে এ তারকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার মূল উদ্দেশ্য হলো অজ্ঞাত ও দায়িত্বজ্ঞানহীন অপরাধীদের আসল পরিচয় উন্মোচন করা এবং তাদের আইনের আওতায় আনা।
