​আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের

​আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের

ফন্ট সাইজ:

পাকিস্তানের সেনাপ্রধান (চিফ অব ডিফেন্স ফোর্সেস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে দেশটির ভূমিকার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য রায়ান কিথ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল জেমস।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সহযোগিতা ও সমৃদ্ধি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বেসরকারি খাতের অংশীদারত্ব এবং বৃহত্তর অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, টেকসই আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে পাকিস্তানের চলমান কাঠামোগত সংস্কারের বিষয়েও আলোকপাত করেন।

মার্কিন প্রতিনিধি দল বৈঠক শেষে পাকিস্তানের সামরিক নেতৃত্বের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেন।আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও দুই দেশ কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

সম্প্রতি ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার পর ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন