একদিকে দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদের শোক, অন্যদিকে পাহাড়সম ঋণের বোঝা- জীবনের নানা টানাপড়েনে মানসিকভাবে ভেঙে পড়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তুলারাম। রোববার রাত দেড়টার দিকে বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্ত্রী-সন্তান থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুঁই নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে দ্বিতীয়বার বিয়ে করেন তুলারাম। এরপর থেকেই দুই সংসার সামলাতে গিয়ে নানা পারিবারিক ও দাম্পত্য জটিলতার মুখোমুখি হন। একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য জীবনে চরম টানাপড়েন দেখা দেয়। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। সেইসঙ্গে দুই সংসারের ব্যয়ভার ও নানা কারণে নেয়া ঋণের বোঝা দিনদিন তার জীবনে আরও অসহনীয় হয়ে ওঠে।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান তিনি। এরপরই নিজের জীবন শেষ করে দেন বলে স্থানীয়দের ধারণা। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও দাম্পত্য জীবনের নানা জটিলতা এবং মানসিক কষ্টের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
