ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নুর নবী হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাহ পরান প্রকাশ ফয়সাল প্রকাশ সাদ্দাম হোসেন (৪০)কে আটক করেছে পুলিশ। সে দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেওয়াজপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে শহরতলীর মহিপাল ফ্লাইওভারের নিচে নুর নবী হোসেন ও তার স্ত্রী বিবি ফাতেমা ঘুমিয়ে ছিলেন।

ভোররাতে মো. শাহ পরান প্রকাশ ফয়সাল প্রকাশ সাদ্দাম হোসেন নামে (৪০) এক বখাটে ফাতেমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে উত্ত্যক্ত করে। ফাতেমার চিৎকারে নবীর ঘুম ভেঙে গেলে এনিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে নবী ফয়সালের নাকে ঘুষি মারে। ফয়সাল ক্ষিপ্ত হয়ে নিজের সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে নুর নবী হোসেনের পেটের দুই পাশে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় প্রথমে ফেনী সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে শহরের হাজারী রোডেই নুর নবী মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বাদী হয়ে ফেনী থানায় মামলা করলে সোমবার ভোরে দাগনভূঞা থানা এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যে হত্যার কাজে ব্যবহৃত চাকুটি মহিপাল ফ্লাইওভারের নিচে একটি পরিত্যক্ত গর্ত থেকে উদ্ধার করা হয়। ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ আরও ৭টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। নিহত নুর নবী ভোলার বাসিন্দা হলেও নদীভাঙনের কবলে পড়ে ভিটেবাড়ি হারিয়ে ফেনীতে আশ্রয় নেন। পরবর্তীতে দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন। দুজনেই ভবঘুরে হিসেবে পরিচিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন