বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতী সন্তান অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পূর্ণ সচিব পদমর্যাদায় চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক সচিব, জনতা এবং অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম ইমাম উদ্দিন আহমেদ চৌধুরী তার পিতা। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ই এ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ শফি এ চৌধুরী অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরীর চাচা।
আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছর ডা. নিয়াজ আহমদ চৌধুরীকে পদ অবনতি করে চাকরিচ্যুত করে রাখা হয়। ’২৪ এর ৫ই আগস্টের পটপরিবর্তনের পর ইন্টেরিয়েম সরকার দায়িত্ব নিলে নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে তিনি চাকরি ফিরে পান। মজলুম চিকিৎসক ডা. নিয়াজ আহমদ চৌধুরী দেশের একজন প্রখ্যাত ভাসকুলার সার্জন। এদিকে, এক বিবৃতিতে ডা. নিয়াজ আহমদ চৌধুরী তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে তিনি দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
