জামালপুরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় শ্রমিক ইউনিয়নের এক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দিগপাইত কাঁচাবাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ননী (৬০) দিগপাইত বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তিনি দিগপাইত পূর্বপাড়া এলাকার মৃত মফিজুর ইসলামের ছেলে এবং নিহত মো. হাফিজ উদ্দিন (৫০) সরিষাবাড়ীর মাটিয়াজানি গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক দিগপাইত কাঁচাবাজারের সামনে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই আতাউর রহমান ননী নিহত এবং মো. হাফিজ উদ্দিন গুরুতর আহত হন। গুরুতর আহত হাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
