কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বনবিভাগ। সোমবার সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান। বনবিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযান চলাকালে একদল ভূমিদস্যু ও দখলদার সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। হামলার সময় অভিযানে ব্যবহৃত সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় বনবিভাগের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। এতে আমাদের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থা গুরুতর। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে। ডিএফও আরও বলেন, সংরক্ষিত বনভূমি দখল এবং সরকারি দায়িত্ব পালনরত বনকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের শনাক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনবিভাগ সূত্রে জানা গেছে, হামলায় জড়িতদের মধ্যে পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির, সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর নাম প্রাথমিকভাবে উঠে এসেছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে। বনকর্মীদের অভিযোগ, বনবিভাগের লোকবল সংকটের সুযোগ নিয়েই দখলদার চক্র বারবার হামলার ঘটনা ঘটাচ্ছে। তাদের দাবিÑ দীর্ঘদিন ধরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল অবৈধ দখলের কবলে রয়েছে। বনভূমি দখল করে সেখানে পানের বরজ, বসতঘর ও নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব অবৈধ দখল উচ্ছেদে বনবিভাগ নিয়মিত অভিযান চালালেও প্রায়ই স্থানীয় দখলদারদের বাধা, হুমকি ও হামলার শিকার হতে হয়।
কক্সবাজারে অবৈধ দখল উচ্ছেদে গিয়ে হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২৮ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
