মেহেরপুরের গাংনীতে এনসিপি’র নির্মিত মঞ্চের ৫০ গজ দূর থেকে বোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড হানিফ ও রয়েল কাউন্টারের পাশ থেকে এগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৫টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি নির্মিত মঞ্চও প্রস্তুত করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক এডভোকেট শাকিল আহমেদ বলেন, আমার ধারণা ফ্যাসিস্ট আওয়ামী লীগরা এই কাজটি করেছে, যারা মূলত জুলাইয়ের চেতনাকে মুছে ফেলতে চায়। তবে এই ধরনের ঘৃণ্য কাজ করে কেউ সফল হবে না। গাংনীতে আমাদের পথযাত্রা সফল করা হবে। গাংনী থানার ওসি মুজাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এনসিপি’র মঞ্চের নিকট থেকে বোমা আকৃতির কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এগুলো বোমা কিনা, তা পরীক্ষা করার পর বলা সম্ভব হবে।
