খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে: এম নাসের রহমান

খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে: এম নাসের রহমান

ফন্ট সাইজ:

স্কুলের খেলার মাঠ এবং মাদকের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। যদি এলাকায় খেলাধুলার মাঠ থাকে, তবে তরুণরা মাদকের দিকে যাবে না। তারা ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলায় ব্যস্ত থাকবে। এতে করে তাদের মন ও মানসিকতা খেলাধুলার ওপরই মগ্ন থাকে। কিন্তু যখন খেলাধুলার সুযোগ থাকে না, তখন অলস মস্তিষ্কই অন্যায়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বর্তমানে খেলাধুলার সুযোগ কমে যাওয়ায় মানুষ ফেসবুক আসক্ত হয়ে পড়ছে।

এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি এতটাই বেড়েছে যে, গভীর রাত পর্যন্ত মানুষ এতে মগ্ন থাকে। খেলাধুলার সুব্যবস্থা থাকলে এই আসক্তি ও অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসত। খেলার মাঠ প্রত্যক্ষভাবে মাদক কমানো বা রোধ করতে ভূমিকা রাখে। মাদক নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি পুলিশ বাহিনীরও বড় ভূমিকা প্রয়োজন। তাছাড়া মাদকবিরোধী সচেতনতা বাড়াতে একটি সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন।

মাদকাসক্ত তরুণদের ক্ষেত্রে কেবল শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে, তাদের দ্রুত শনাক্ত করে ‘ডিটেনশন সেন্টার’ বা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো প্রয়োজন। মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ ও নাগরিগদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা এম নাসের রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলসমূহ থেকে আমাদের দেশে যেভাবে ফেন্সিডিল প্রবেশ করছে তা অত্যন্ত উদ্বেগজনক। এটি কোনো সাধারণ ব্যবসায়ীদের কাজ নয়। বরং বাংলাদেশ থেকে আসা তরল মাদকের এই স্রোত আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার একটি সুগভীর ষড়যন্ত্রেরই অংশ। আমরা দেখতে পাই কোনো থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একা চেষ্টা করলেও অধস্তন কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে কার্যকরী ফল পাওয়া যায় না। বিশেষ করে অতীতে যারা বিগত সরকারের স্বৈরাচারী ও নিপীড়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, সেসব অধস্তন কর্মকর্তারা বর্তমান প্রশাসনিক কার্যক্রমে শতভাগ সহযোগিতা করছেন না। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজারের আহ্বায়ক এডভোকেট রুনু কান্ত দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সমাজকর্মীসহ নানা শ্রেণিপেশার নাগরিকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন