বিচারাধীন হত্যা মামলা ১০ লাখ টাকায় আপসের অভিযোগ

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ার বিষ্ণুপুর গ্রামে আলোচিত রফিকুল হত্যা মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্থানীয়ভাবে ১০ লাখ টাকার বিনিময়ে আপসের অভিযোগ উঠেছে। তবে আপসে রাজি না হওয়ায় বাদীপক্ষের দুই পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জানা গেছে, ২০১৭ সালের ২৩শে মার্চ গরু ধানক্ষেতে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মজিদ ওরফে দুলুর ছেলে রফিকুল নিহত হন। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল হেকিম ২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও সিআইডি’র তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সম্প্রতি মামলার বাদী আব্দুল হেকিম মারা যাওয়ার পর স্থানীয়ভাবে আপসের উদ্যোগ নেয়া হয়। অভিযোগ রয়েছে, ১০ লাখ টাকার বিনিময়ে বাদীপক্ষের একটি অংশকে রাজি করানো হলেও নিহতের বড় ভাই মিলন মিয়া ও মামলার সাক্ষী কামাল উদ্দিন আপস প্রত্যাখ্যান করে আদালতের মাধ্যমে বিচার দাবি করেন। এরপর থেকেই তাদের ভয়ভীতি দেখানো হয় এবং পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় নেতাদের আশ্বাসে শনিবার বাড়িতে ফিরলে তাদের ধাওয়া দেয়া হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। নিহতের বড় ভাই মিলন মিয়া বলেন, আমরা কোনো আপস চাই না। আদালতের মাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। চাচাতো ভাই কামাল উদ্দিনের অভিযোগ, আপসে রাজি না হওয়ায় তাদের এলাকায় থাকতে দেয়া হচ্ছে না। তবে প্রধান আসামি মাজু মিয়া দাবি করেন, নিহতের পরিবারের সঙ্গে ১০ লাখ টাকার বিনিময়ে আপস হয়েছে। বরং শনিবার তার ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য সাজু জানান, পারিবারিকভাবে আপসের বিষয়টি তিনি শুনেছেন। তবে বাদীপক্ষের কয়েকজন এতে রাজি না হওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের মতে, হত্যা মামলা রাষ্ট্রের মামলা হওয়ায় স্থানীয় কোনো আপস আদালতের বিচারপ্রক্রিয়া বন্ধ করতে পারে না। বরং সাক্ষীদের বাদী ভয়ভীতি দেখানো বা প্রভাবিত করার অভিযোগ প্রমাণিত হলে তা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানোর বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন