খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

খুলনার বটিয়াঘাটায় রেজাউল শেখ হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩১শে মার্চ সকালে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘোরাঘুরির সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ৪ দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করে। পরবর্তীতে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দিন নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলমবক্সের ছেলে আ. সালাম এবং সালাম শেখের দুই ছেলে মো. খুরশিদ আলম (৩৫) ও মো. খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করা হয়।
গত ২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পারিদর্শক মো. গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন