ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘ ১৯ বছর আগে বিক্রয় করা জমির দখল হস্তান্তর না করে উল্টো নিরীহ একটি পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি ও হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের হেলাল উদ্দিন এ ঘটনায় প্রতিকার চেয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীনগর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ২০০৫ সালে প্রতিবেশী নিজাম উদ্দিনের কাছ থেকে সাফ-কাওলা দলিল মূলে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরপরই বিক্রেতা নিজাম উদ্দিন দখল বুঝিয়ে দেয়ার আগেই মারা যান। এরপর নিজামের ছেলে মাসুদ মিয়া জমির সীমানা বুঝিয়ে দিতে দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকেন। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে গত ১৯শে জুলাই সালিশি সিদ্ধান্ত অনুযায়ী জমির দখল নিতে বলে জানান ভুক্তভোগী হেলাল ও তার স্ত্রী ফিরোজা খাতুন। তারা দাবি করেন, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মাসুদ মিয়া তাদের বিরুদ্ধে জমি দখল ও মাছ চুরির অভিযোগ এনেছে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। হেলাল বলেন, আমি বৈধভাবে টাকা দিয়ে জমি কিনেও নিজের অধিকার পাচ্ছি না। উল্টো আমাদের ওপর হামলা ও মামলার ভয় দেখানো হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে মাসুদ বলেন, হেলাল বাবার কাছ থেকে জমি ক্রয় করে থাকলে বৈধ কাগজপত্র দেখাতে হবে। সঠিক কাগজপত্র দেখাতে পারলে জায়গা ছেড়ে দেবো। তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
