হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে লাগামহীনভাবে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। উপজেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ভালো মানের কাঁচামরিচের দাম ৩০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। শুধু কাঁচামরিচই নয়, বাজারে প্রায় সবধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী।
ফলে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বর্ষণ, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং উৎপাদনকারী এলাকা থেকে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট তৈরি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাজারের সবজি ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, গত সপ্তাহেও প্রতি কেজি কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন পাইকারি বাজার থেকেই প্রায় ২৮০ টাকায় কিনতে হচ্ছে। তাই ৩শ’ টাকার নিচে বিক্রি করলে লোকসান গুনতে হবে। ক্রেতা আব্দুল করিম জানান, প্রতিদিনের রান্নায় কাঁচামরিচ অপরিহার্য। কিন্তু বর্তমান দামে সাধারণ মানুষের পক্ষে নিয়মিত কেনা কঠিন হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে দামের চাপ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে তারা মনে করছেন, বাজারে নিয়মিত মনিটরিং এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেয়া হলে মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এদিকে সাধারণ ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছেন। তারা প্রশাসনের প্রতি বাজারে কঠোর নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
