সাভারের ছাগিপাড়া এলাকায় মোবাইলের চার্জার না পাওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে জিসান (১৫)কে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাগিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মহিন মিয়া (২৮) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ও পেশায় দুধ ব্যবসায়ী বলে জানা গেছে। থানা পুলিশ জানায়, সোমবার সকালে ছাগিপাড়া এলাকায় নিহত মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিলেন।
এসময় ছেলে তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানালে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকা দেন। জবাবে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য হাতে টেস্টার নেন। পরে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে জিসান তার বাবার অণ্ডকোষে চেপে ধরলে মহিন অচেতন হয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
