বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা তার বর্ণাঢ্য অভিনয় জীবনে টেলিভিশনের পর্দায় খুব বেশি উপস্থিত হননি। তবে এবার তার জন্মদিন উপলক্ষে দর্শকদের জন্য এক ব্যতিক্রমী ও বিশেষ আয়োজন ‘ববিতা সমগ্র’ নিয়ে আসছে মাছরাঙা টেলিভিশন। কাকতালীয়ভাবে মহানায়িকা ববিতার জন্মদিন এবং মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি একই দিন। এই দু’টি বিশেষ উপলক্ষ্যকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী এই আয়োজন। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, ‘ববিতা সমগ্র’ মহানায়িকার লাখো-কোটি ভক্তের জন্য অসামান্য এক দলিল হয়ে থাকবে। কারণ সেলিব্রিটি টকশো’তে সাধারণত আলাপচারিতাই প্রাধান্য পায়।
কিন্তু ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে ছকে বাঁধা গল্পের বাইরে থাকবে মহানায়িকা ববিতাকে ঘিরে অভিনব অনেক আয়োজন। দর্শক এখানে শুধু সাক্ষাৎকারই নয়, ববিতার অনন্য জীবন, কর্ম ও স্মৃতির নানা অধ্যায় নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন- দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের ১২ জন বিশিষ্ট তারকা-মহাতারকা। বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন- সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন, কিংবদন্তি অভিনেতা এম.এ. আলমগীর, মাসুদ পারভেজ (সোহেল রানা), বরেণ্য অভিনেত্রী আনোয়ারা, চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন, দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান, মহানায়িকা ববিতার প্রাণের দুই বোন কোহিনূর আক্তার সুচন্দা ও গুলশান আরা চম্পা। শুধু তাই নয়, ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানও থাকছেন ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে।
বিশেষ এই আয়োজন প্রসঙ্গে একুশে পদকে ভূষিত ফরিদা আক্তার ববিতা বলেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ কিছু হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এক্সক্লুসিভ এই আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। আমার বিশ্বাস, দর্শক অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন। মাছরাঙা টেলিভিশনে ‘ববিতা সমগ্র’ প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছরাঙা টেলিভিশনের কার্যনির্বাহী প্রযোজক অজয় পোদ্দার।
