অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে ৫ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী নিয়োগের তারিখ থেকে পাঁচ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন। তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে।
এ ছাড়া তিনি যে গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন, সেই প্রতিষ্ঠানকে তার শিক্ষা ও গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউজিসি চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। গবেষণালব্ধ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে পাঠাতে হবে।
জাতীয় অধ্যাপক পদে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এ সময়ে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না।

হারুন আল রশিদ
১ ঘন্টা আগেঅভিনন্দন স্যারকে !