রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় ব্যাবসায়ীক বিরোধের জেরে ইট-বালু ব্যবসায়ী ও ঠিকাদার খোরশেদ আলম সোহেলের (৪৫) ওপর মব হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী তারিন আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন— রতন (৫০), খোকন (৪২), মাসুম (৩৮), কাউসার (৩৫), হাবিব (৩০) ও রাফি (২৫)। তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে সোহেলের ওপর হামলা চালানো, নগদ অর্থ ছিনিয়ে নেয়া এবং তাকে ফাঁসানোর উদ্দেশ্যে পাশে একটি আগ্নেয়াস্ত্র রেখে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ভবন নির্মাণ কাজে ইট-বালু ও পাথর সরবরাহের ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে সোহেলের বিরোধ চলছিল। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হামলা চালানো হয় এবং পরে তার পাশে পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে এক অপরিচিত ব্যক্তি সোহেলকে পশ্চিম নন্দীপাড়া এলাকায় একটি ‘বিচারের’ কথা বলে ডেকে নিয়ে যায়। পরে আল-মদিনা মসজিদের পাশের পানির পাম্প এলাকার রাস্তায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেয়া কয়েকজন তার ওপর হামলা চালায়। মামলায় আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ক্রিকেট খেলার স্টাম্প, ইট ও লোহার রড দিয়ে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা ব্যবসার নগদ ২ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
সোহেলের স্ত্রী তারিন আক্তার অভিযোগ করেন, হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীদের একজন পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে সোহেল অচেতন হয়ে পড়লে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার পাশে একটি আগ্নেয়াস্ত্র রেখে হামলাকারীরা চলে যায় বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।
ঘটনার পর স্থানীয়রা আহত সোহেলকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় বর্তমানে ধানমন্ডির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাদীর দেয়া অভিযোগ মামলা হিসাবে নথিভূক্ত করা হয়েছে। মামলার অভিযোগ ও ঘটনার অন্যান্য বিষয় তদন্ত করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ ও অস্ত্রের উৎস খোঁজা হচ্ছে। মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেপ্তাতারের চেষ্টা করা হচ্ছে।
