গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন গানের ভিডিও। আজ ২৭ জুলাই তার জন্মদিনকে ঘিরে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে উন্মোচন করা হয়েছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’ শিরোনামের গানটি। নতুন এই দ্বৈত গানে শফিক তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী হৈমন্তি রক্ষিত দাস। গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।
গানটির একটি বিশেষ আকর্ষণ হলো, কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে নির্মিত নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র বিয়ের ফুল-এর বহুল শ্রোতাপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়’-এর কেবল কোরাস অংশটি নতুনভাবে সংযোজন করা হয়েছে। পুরোনো গানের আবেগ ও নতুন সংগীতায়োজনের সমন্বয়ে গানটিকে ভিন্নমাত্রা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতারা।
নতুন গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে শফিক তুহিন বলেন, গানটি সব ধরনের সংগীতপ্রেমীর ভালো লাগবে বলে আমার বিশ্বাস। হৈমন্তি বলেন, খুব সুন্দর একটি গান হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার। নতুন ও পুরোনো সুরের মেলবন্ধন শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করবে। অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে।
