বঙ্গভবন ছেড়ে গুলশানে সাহাবুদ্দিন, পাচ্ছেন যেসব সুবিধা

বঙ্গভবন ছেড়ে গুলশানে সাহাবুদ্দিন, পাচ্ছেন যেসব সুবিধা

ফন্ট সাইজ:

পদত্যাগের একদিন পরই বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। গতকাল দুপুরে তিনি সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন। উঠেন গুলশানের ফ্ল্যাটে। এর আগে সকাল থেকেই বঙ্গভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বিকাল ৩টার দিকে গুলশানের ১২৩ নম্বর রোডের বাসভবনে পৌঁছায় বিদায়ী এই প্রেসিডেন্টের গাড়িবহর। এখন থেকে সপরিবারে এ বাড়িতেই থাকবেন মো. সাহাবুদ্দিন।

প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি এ বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন। গতকাল সকাল থেকেই গুলশানে সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী এবং এসএসএফ সদস্যদের সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। এদিকে, পদত্যাগের পরও নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস রাষ্ট্রীয় ‘প্রটোকল’ সুবিধা পাবেন সাবেক এই প্রেসিডেন্ট। ২০১৬ সালের ‘প্রেসিডেন্টের অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’ অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত তিনি সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাবেন। এ ছাড়া, একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট, সরকারি নির্ধারিত দাপ্তরিক ব্যয়, সরকারি অনুষ্ঠানে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে টেলিফোন সংযোগ, মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউজ বা রেস্ট হাউজে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন।

ওদিকে, বঙ্গভবন ছাড়ার পর সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন। বঙ্গভবন ও সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট চাইলে দায়িত্ব ছাড়ার পর আরও এক মাস বঙ্গভবনে অবস্থান করতে পারেন। তবে পদত্যাগের পর পরই মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেন এবং ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করেন। ইতিমধ্যে ওই বাসভবনের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজও সম্পন্ন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে কর্মকর্তাদের নিয়ে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন বিদায়ী প্রেসিডেন্ট। বঙ্গভবনে কর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন