দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা/প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী। শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি শ্রমবান্ধব সরকার। দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির পক্ষে উন্নতি করা সম্ভব নয়। চীনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়েই দেশটি আজ বিশ্বে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হলেও বাংলাদেশের অনেক কলকারখানায় এখনো এ বিষয়ে কাঙ্ক্ষিত গুরুত্ব দেয়া হয় না। এ সময় শ্রম পরিদর্শকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে শুধু আনুষ্ঠানিকতা পালন করলেই হবে না। শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো জানতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ দেশের জনশক্তিই সবচেয়ে মূল্যবান সম্পদ এবং এই সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেই সার্বিক উন্নয়ন সম্ভব।
তরুণদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।
