চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। গত কয়েক বছরে বিশেষ করে উৎসবগুলোতে মাহির নাটক মুক্তি পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এসব নাটকে নানা চরিত্রে দেখা মিলেছে তার। চলতি বছরের দুই ঈদেও মাহিকে সরব দেখা গেছে নাটকে। বিশেষ করে এ বছর ‘সুপ্তাদের বাড়ি’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
এর বাইরে এ বছর মাহি অভিনীত ‘কোটি টাকার বউ’, ‘আমাদের পাশের বাড়িটা’, ‘ছেড়ে যেও না’, ‘আতঙ্ক’, ‘কত যে আপন’, ‘চলার পথে’, ‘আদরের সন্তান’, ‘তবুও পাশাপাশি’, ‘শহরে নতুন অতিথি’, ‘নতুন জামাই’, ‘ঘুষখোর গফুর’ নাটকগুলো প্রশংসিত হয়েছে।
চলতি বছরের নাটক থেকে সাড়া প্রসঙ্গে মাহি বলেন, যে নাটকগুলো করেছি তার থেকে ভালো সাড়া পেয়েছি। আমি প্রতিনিয়ত নতুন চরিত্র খুঁজি। সেদিক থেকে বেশ কিছু নতুন চরিত্রে এ বছর কাজ করা হয়েছে। তবে আমি চাই, আরও ভিন্ন গল্প ও চরিত্রে কাজ করতে। এদিকে, মাহি সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন। কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন। শুধুমাত্র মনের মতো চরিত্র ও গল্প হলেই কাজ করছেন। গতানুগতিক চরিত্রে তিনি আর কাজ করতে চান না।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি কাজ করেছেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্য দু’টি ৬ পর্বের ধারাবাহিকের। পাশাপাশি আরশ খানের বিপরীতে একটি কাজ করেছেন। মাহি মানবজমিনকে বলেন, শুরু থেকেই আমি বলে আসছি একই ধরনের চরিত্র ও গল্পে আমি কাজ করতে চাই না। কাজ করছি, তবে আগের মতো অত বেশি করা হচ্ছে না। নিজের ইচ্ছাতেই গ্যাপটা নিচ্ছি। তা ছাড়া, একটি বিশেষ কাজের প্রস্তুতি নিচ্ছি। সেটার জন্য সময় দিচ্ছি নিজেকে। বিশেষ কাজটি কী? মাহি বলেন, সেটা সিক্রেট, আর সিক্রেটটা এখনই বলা যাবে না। নিষেধ আছে। সময় হলেই সেটি জানাবো।
